অনলাইন ডেস্ক :
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ।
আজ বুধবার (১৮মার্চ) বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গতকাল মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়, বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে বাড়িটি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বাগেরহাট পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে’ বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিচু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত বিবরণ হলো—গত ১৬ মার্চ রাত আনুমানিক ১১টায় ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়। বিষয়টি থানা-পুলিশের নজরে আসার পর ১৭ মার্চ অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
একই তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ বুধবারর এক বিজ্ঞপ্তিতে সদর দপ্তর বলছে, আইজিপির বাসায় কোনো চুরির ঘটনা ঘটেনি। মূলত বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকা তার অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশের নজরে এলে পরদিন অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.