অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে এক শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরকারের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে।
কমিটিকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। একই সঙ্গে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনে প্রাথমিক শুনানির পর বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
শিশুটির যথাযথ চিকিৎসার জন্য তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক, টাঙ্গাইলের সিভিল সার্জনসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।
বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থকে জানা যায়, হামের টিকার পরিবর্তে এক মাস বয়সী শিশুকে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়ার ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ মে) টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশুকে ভুল করে জলাতঙ্কের টিকা দিয়েছেন বলে দাবি করেছেন।
প্রকাশিত খবরে বলা হয়েছে, অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম অবসরে যাওয়ার পর সেখানে দায়িত্ব পালনের কথা ছিল সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। কিন্তু নুরুল ইসলাম নুরু স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় অবসরে থাকা কাইয়ুমকে দিয়ে টিকা কার্যক্রম পরিচালনা করে আসছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রকাশিত খবরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের বক্তব্য রয়েছে। তিনি বলেছেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।
তিনি অবসরে চলে গেছেন। তারপরও ভ্যাকসিন কার্যক্রম চালানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছিল।’
‘এক মাসের শিশুকে ভুলে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন, মুহূর্তেই নিস্তেজ’ শিরোনামে প্রতিবেদনটি যুক্ত করে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে রিটটি করা হয়।সুএঃ কালের কন্ঠ
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.