অনলাইন ডেস্ক
জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাদের জামিন বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (৭ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
এর আগে, জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় গত ১১ মে জুলাই সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দেন হাইকোর্ট। ফারজানা রুপাকে ৬ মামলায় ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দেন আদালত। এছাড়া তাদের দুজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সেদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। ৪ দিন পর ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও ৫ দিনের রিমান্ডে পাঠানো হয় তাদের।
ওই রিমান্ড শেষে একই বছরের ৩১ আগস্ট রুবেল হত্যা মামলায় এই সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত। এরপর জুলাই আন্দোলন সম্পর্কিত আরও বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। সুএ:বাংলা ট্রিবিউন
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.