অনলাইন ডেস্ক
যশোরে দুই আদালতের ভেতরে ও দেয়ালে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সহকারী জজ আদালত ও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে এবং ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। শহরের লালদিঘিস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় শহরের মুজিব সড়কে অবস্থিত সহকারী জজ আদালতের দেয়ালে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি আদালতের ভেতরে বিস্ফোরণ ঘটে, অন্যটি আদালতের দেয়ালে বিস্ফোরণ ঘটে। এরপরই দুর্বৃত্তরা ৫০০ মিটার দূরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
দুই স্থানেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়। একসঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বিস্ফোরিত ককটেলের বিভিন্ন নমুনা সংরক্ষণ করেছে।

দুই আদালতের ভেতরে ও দেয়ালে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহরের স্পৃষ্টকাতর জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা। পুলিশ ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযানে নেমেছে পুলিশ।’
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনছারুল হক রানা, ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীসহ নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন দুটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।’
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ‘পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপ্রিয় যশোরকে অশান্ত করতে চাইছে। যারা এভাবে যশোরকে আশান্ত করতে চাইছে যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিহত করবে।’ তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.