অনলাইন ডেস্ক
আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর। এ পরীক্ষা শেষ করতে হবে ১০ নভেম্বরের মধ্যে। আর ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
সম্প্রতি বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে টেস্ট পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। পাশাপাশি ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।
গত ২৪ আগস্ট ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৪ মার্চ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। ২২ এপ্রিলের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.