আন্তর্জাতিক ডেস্ক:
দিল্লি ও আগরতলার পর এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ।
বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
রাতে কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে। ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ভিসা সেবা স্থগিত রাখা হয়েছে।
সূত্র আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা বন্ধ করা হয়েছে।
এদিকে গত ২২ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থেকে এখন অবদি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.