অনলাইন ডেস্ক:
ভারতে ইরানের যুদ্ধজাহাজ নোঙর করা নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তির সূত্রপাত হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে।
সোমবার (৯ মার্চ) ভারতীয় সংসদের উভয় কক্ষে পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন জয়শঙ্কর। সেই বক্তব্যে তিনি জানান, কোচি বন্দরে ইরানের একটি জাহাজ নোঙর করেছে। এ বিষয়ে সংসদ সদস্যদের আগ্রহ থাকার কথাও তিনি উল্লেখ করেন।
জয়শঙ্কর বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভারতকে অনুরোধ জানায় যাতে ওই অঞ্চলে অবস্থান করা তাদের তিনটি জাহাজকে ভারতীয় বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়। ভারতের পক্ষ থেকে ১ মার্চ সেই অনুমতি দেওয়া হয় বলেও তিনি জানান।
তবে তার বক্তব্যের পরবর্তী অংশে দেখা যায় ভিন্ন চিত্র। জয়শঙ্কর বলেন, কোচি বন্দরে ‘আইরিস লাভান’ নামে একটি জাহাজ ৪ মার্চ নোঙর করে। ওই জাহাজের ক্রুরা বর্তমানে ভারতীয় নৌবাহিনীর একটি স্থাপনায় অবস্থান করছেন। ভারতের এই মানবিক উদ্যোগের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এখানেই তৈরি হয়েছে মূল বিভ্রান্তি। কারণ শুরুতে তিনটি জাহাজকে নোঙর করার অনুমতির কথা বলা হলেও পরে তিনি শুধু ‘আইরিস লাভান’ জাহাজটির কথাই উল্লেখ করেন। বাকি দুই জাহাজের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা তার বক্তব্যে পাওয়া যায়নি।
ইরান তিনটি জাহাজের জন্য অনুরোধ করলেও কেন মাত্র একটি জাহাজকে নোঙর করার অনুমতি দেওয়া হলো—এ বিষয়েও পরিষ্কার করে কিছু বলেননি জয়শঙ্কর। অন্য দুই জাহাজ বর্তমানে কোথায় রয়েছে বা কেন তাদের অনুমতি দেওয়া হয়নি, সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে লোকসভায় বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছিল বিরোধী দলগুলো। তবে সেই দাবি গ্রহণ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বিরোধী সদস্যরা সংসদে হট্টগোল শুরু করেন। সেই পরিস্থিতির মধ্যেই জয়শঙ্কর তার লিখিত বিবৃতি উপস্থাপন করেন।
বিবৃতিতে তিনি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান তিনটি দিক থেকে তুলে ধরেন।
প্রথমত, ভারত সবসময় শান্তির পক্ষে। তার মতে, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই যেকোনো সংকটের সমাধান হওয়া উচিত। বর্তমান পরিস্থিতিতেও সেই পথেই ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ভারত।
দ্বিতীয়ত, ওই অঞ্চলে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ভারত।
তৃতীয়ত, জাতীয় স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় সরকার সতর্ক রয়েছে।
জয়শঙ্কর আরও জানান, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে প্রায় এক কোটি ভারতীয় বসবাস করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই সরকার প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে। ইরানে অবস্থানরত ভারতীয়দের একাধিকবার দেশ ছাড়ার আহ্বান জানানো হলেও অনেকে তা উপেক্ষা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৬৭ হাজার ভারতীয় দেশে ফিরে এসেছেন। এখনও যারা সেখানে রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তথ্য সুএঃ ইত্তেফাক
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.