আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে জানিয়ে সেগুলো খালি করার হুমকি দিয়েছে ইরান।
বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের তিন দেশের কর্তৃপক্ষকে ওই হুমকি দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবের সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশপাশের লোকজনকে দ্রুত এলাকা ত্যাগ করার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, এসব কেন্দ্র এখন সরাসরি ও বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে। যে কারণে সব নাগরিক, বাসিন্দা এবং কর্মীদের অবিলম্বে এসব এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
ইরানের সাউথ পার্স এবং আসালুয়েহতে অবস্থিত তেল স্থাপনা হামলার শিকার হওয়ার কিছুক্ষণ পরই ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে বলে ইসরায়েলি জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.