আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প-মেলানিয়া

editor
প্রকাশিত মার্চ ২০, ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প-মেলানিয়া

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম আমেরিকানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

শুক্রবার (২০ মার্চ) দেশজুড়ে ঈদ উদযাপিত হওয়ার প্রাক্কালে এক বিশেষ বার্তায় তারা এই অভিনন্দন জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, ঈদুল ফিতর বা রোজা ভাঙার এই উৎসব রমজান মাস শেষে মুসলিম পরিবার, বন্ধু ও পুরো সমাজকে তাদের আধ্যাত্মিক সাধনার সম্মানে একত্রিত করে। তিনি এই উৎসবকে আমেরিকার মৌলিক ধর্মীয় স্বাধীনতার নীতির একটি স্মারক হিসেবেও অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে তার প্রশাসন এই স্বাধীনতা রক্ষায় প্রতিদিন কাজ করে যাচ্ছে।

প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি তাদের যৌথ বিবৃতিতে যারা এই পবিত্র উৎসবটি পালন করছেন, তাদের সবার প্রতি একটি বরকতময় ঈদের শুভকামনা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে শুক্রবার অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপিত হচ্ছে।

Manual7 Ad Code

দেশটির সাড়ে তিন হাজার মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠ, হোটেলের বলরুম এবং মসজিদের অভ্যন্তরে পাঁচ হাজারের বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া গেছে। মুসলিম আমেরিকানদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস’ (কেয়ার) এই বিশাল আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।

নিউ ইয়র্ক প্রতিনিধি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য যেমন নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডাসহ অন্যান্য স্থানে প্রবাসীদের মাঝে ঈদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশিদের পরিচালিত তিন শতাধিক মসজিদেও বড় ধরনের ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় সময় অনুযায়ী সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা নতুন পোশাক পরে দলবেঁধে ঈদগাহে সমবেত হচ্ছেন। ওয়াশিংটন মেট্রো এলাকা এবং মিশিগানেও বড় বড় কমিউনিটি সেন্টারে ঈদের বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

মিশিগান, অ্যারিজোনা এবং মিনেসোটার মতো অঙ্গরাজ্যগুলোতেও মুসলিম আমেরিকানরা স্বতঃস্ফূর্তভাবে ঈদুল ফিতর পালন করছেন। রমজান মাসের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসবটি মুসলিমদের জীবনে আনন্দের বার্তা নিয়ে এসেছে।

হোয়াইট হাউস থেকে আসা এই শুভেচ্ছা বার্তা দেশটির মুসলিম সম্প্রদায়ের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। বিদেশের মাটিতে দেশীয় আমেজে ঈদ পালনের মাধ্যমে প্রবাসীরা নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরছেন।

Manual8 Ad Code

সূত্র: এএনআই নিউজ

Manual6 Ad Code

 

Manual3 Ad Code