আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। ভারত আশা প্রকাশ করেছে, যুদ্ধবিরতির এই পদক্ষেপ পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। বুধবার (৮ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি এই যুদ্ধবিরতি অঞ্চলটিতে দীর্ঘমেয়াদি শান্তি বয়ে আনবে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।
ভারত তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে উল্লেখ করেছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত দ্রুত নিরসনে সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ। পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, নৌ চলাচলের স্বাধীনতা এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব তুলে ধরে ভারত জানায়, এ অঞ্চলের অস্থিতিশীলতা ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নেটওয়ার্কে বড় ধরনের প্রভাব ফেলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান সংঘাত ব্যাপক মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ সৃষ্টি করেছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
উল্লেখ্য, ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করতে এবং হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.