অনলাইন ডেস্ক
যুদ্ধ-পরবর্তী অবিশ্বাস ও সন্দেহের প্রেক্ষাপটে ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থেকে তাৎক্ষণিক সমঝোতার প্রত্যাশা বাস্তবসম্মত ছিল না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আলোচনা প্রসঙ্গে ইসহাক দার বলেন, “চরম অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফলে শুরু থেকেই মাত্র একটি বৈঠকের মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা না করাটাই ছিল স্বাভাবিক। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বজায় রাখা এখন অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, এ ধরনের জটিল ভূ-রাজনৈতিক সংকট নিরসনে ধাপে ধাপে আস্থা তৈরি করা জরুরি এবং এজন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর আন্তরিকতা ও সদিচ্ছা গুরুত্বপূর্ণ।
এর আগে ইরানের মুখপাত্র বাগাই বলেছিলেন, আলোচনার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নেওয়ার ওপর।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণে ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইআরআইবি দাবি করে, ইরানি প্রতিনিধিদল জাতীয় স্বার্থ রক্ষায় টানা ২১ ঘণ্টা আলোচনা চালালেও মার্কিন পক্ষের অবস্থানের কারণে অগ্রগতি সম্ভব হয়নি।
তবে ইসহাক দার পুনর্ব্যক্ত করেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান তার মধ্যস্থতাকারী ভূমিকা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতেও সংলাপের পথ খোলা রাখার চেষ্টা চালিয়ে যাবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.