অনলাইন ডেস্ক
তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। বুধবার (১৫ এপ্রিল) দেশটির কাহরামানমারাস অঞ্চলের আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কাহরামানমারাসের গভর্নর মুকাররেম উনলুয়ের। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে, এ ঘটনায় নিহতদের পরিচয় এবং হামলাকারীর কী পরিণতি হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি দেশটি।
তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করে গুলি চালায়। তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল, যা তার বাবার বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম এনটিভির এক প্রতিবেদক জানান, গুলির শব্দ খুবই তীব্র ছিল এবং স্কুলের সামনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের সামনে মানুষের ভিড়, কেউ মোবাইলে ভিডিও ধারণ করছেন, আর দ্রুতগতিতে অ্যাম্বুলেন্স ঘটনাস্থল ত্যাগ করছে। এই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এর আগের দিনও দেশটির দক্ষিণাঞ্চলের আরেকটি উচ্চবিদ্যালয়ে এক সাবেক শিক্ষার্থী গুলি চালালে অন্তত ১৬ জন আহত হন। পরে ওই হামলাকারী আত্মহত্যা করে। এই সাম্প্রতিক হামলার আগে তুরস্কের স্কুলগুলোতে গোলাগুলির ঘটনা তেমন দেখা যায়নি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.