অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ট্রাম্প প্রশাসন এক মাস শিথিল করেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক নথিতে জানায়, শুক্রবার পর্যন্ত যেসব জাহাজে রুশ তেল ও জ্বালানি পণ্য তোলা হয়েছে, আগামী ১৬ মে পর্যন্ত সেগুলো কেনা যাবে।
এর আগে, গত ১১ এপ্রিল ৩০ দিনের একটি ছাড়ের মেয়াদ শেষ হয়েছিল। বর্তমান সিদ্ধান্তটি সে মেয়াদেরই একটি বর্ধিত অংশ।
প্রতিবেদন অনুযায়ী, এ ঘোষণার দুদিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, রুশ তেল কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটন আর কোনো ছাড় দেবে না।
এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানান, প্রথম দফার এ ছাড়ের ফলে ১০ কোটি ব্যারেল রুশ অপরিশোধিত তেল বাজারে আসবে। এ পরিমাণ তেল বিশ্বের প্রায় এক দিনের মোট চাহিদার সমান।
নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার এ সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের সরবরাহ কিছুটা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা সম্পূর্ণ না কাটায় জ্বালানি তেলের দাম খুব বেশি কমেনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.