অনলাইন ডেস্ক
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার মন্ত্রিসভায় আরও পাঁচজন সদস্য শপথ গ্রহণ করেন।
শনিবার (৯ মে) শপথগ্রহণ অনুষ্ঠানে প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পরে একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।
জানা যায়, নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ থেকে দুজন এবং দক্ষিণবঙ্গ থেকে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিও রয়েছেন।
শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন। দিলীপ ঘোষ খড়্গপুর সদর, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ, অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর, ক্ষুদিরাম টুডু রানিবাঁধ এবং নিশীথ প্রামাণিক মাথাভাঙা আসন থেকে নির্বাচিত হন।
তবে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন এখনো ঘোষণা করা হয়নি।
এর আগে ৪ মে রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণার পর ২০৭টি আসন পেয়ে বিজেপি সরকার গঠন করে বলে জানানো হয়। মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল।
শুক্রবার বিজেপির বিধায়ক দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয় এবং পরে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.