অনলাইন ডেস্ক
পশ্চিম এশিয়া অঞ্চল আরেক দফায় যুদ্ধে পা দিলে ইরানের প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক সীমার মধ্যেই থাকবে না- বলেছেন ইরানি শসস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র।
যুদ্ধ আবার শুরু হলে আরও ‘গুরুতর’ ও ‘শক্তিশালী’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শসস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবুলফজল শেকারচি।
ইরানের আধা-সরকারি ফারস বার্তা সংস্থায় তিনি বলেন, “এই অঞ্চল আরেক দফায় যুদ্ধে পা দিলে ইরানের প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক সীমার মধ্যেই থাকবে না, তা হবে আরও ব্যাপক, গুরুতর ও শক্তিশালী।”
এর আগে ফারস বার্তা সংস্থার খবরে জানানো হয়েছিল, হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপের দক্ষিণে ইরানি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান। সেই হামলায় কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ পাকিস্তানের মধ্যস্থতায় থামানোর চেষ্টা চলার মাঝেই ইরানের জাহাজে এই হামলা হয়েছে।
গত সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, যুদ্ধবিরতি বজায় থাকার মধ্যেও তাদের বাহিনী দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনের চেষ্টায় থাকা নৌযানগুলোর ওপর আত্মরক্ষমূলক হামলা চালিয়েছে।
তবে ইরান যুক্তরাষ্ট্রের এই নতুন হামলা যুদ্ধবিরতির ব্যাপক লঙ্ঘন বলে অভিযোগ করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৭ সপ্তাহ ধরে নড়বড়ে যুদ্ধবিরতি বহাল রয়েছে। এর মধ্যেই যুদ্ধ বন্ধে দুইপক্ষের মধ্যে একটি চুক্তিতে পৌছানোর জন্য কূটনৈতিক তৎপরতা চলছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছতে কয়েকদিন লাগতে পারে।
এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই মঙ্গলবার ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং দেশের আকাশসীমায় প্রবেশের চেষ্টাকালে অন্য একটি উড়োজাহাজে গুলি চালিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনও চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং পাল্টা জবাব দেওয়াকে তাদের বৈধ ও নিশ্চিত অধিকার বলে উল্লেখ করেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.