অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের আনন্দ ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংসতায় রূপ নিয়েছে। প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দেশজুড়ে ৪ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত সারা দেশে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিস থেকেই আটক করা হয়েছে ২৮০ জনকে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জয়ের পর হাজারো পিএসজি সমর্থক প্যারিসের রাস্তায় নেমে উদ্যাপনে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকলেও বিভিন্ন স্থানে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্যাপনের সময় বিভিন্ন এলাকায় আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করা হয়। কয়েকটি স্থানে মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়া হয়। পাশাপাশি দোকানপাট ও অন্যান্য স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সহিংসতার ঘটনায় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ এসব ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন।
এর আগেও পিএসজির বড় জয়ের উদ্যাপন সহিংসতায় রূপ নিয়েছিল। ২০২৫ সালে ইউরোপীয় শিরোপা জয়ের পর সংঘর্ষে দুজন নিহত হন, যাদের একজন ছিলেন ১৭ বছর বয়সী এক কিশোর।
এদিকে রোববার প্যারিসে পিএসজির খেলোয়াড়দের নিয়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দলের সদস্যদের সাক্ষাতেরও কথা রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.