অনলাইন ডেস্ক
ভারতের রাজধানী দিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন। বুধবার সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। ঘটনায় আহত অন্তত ১৭ জন হাসপাতালে ভর্তি আছেন।
রিপাবলিকের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও আহত বিদেশিদের বেশিরভাগই চিকিৎসার জন্য দিল্লিতে অবস্থান করছিলেন। বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, আহত পাঁচ বাংলাদেশিকে ম্যাক্স হাসপাতাল ও সফদরজং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিয়ে প্রায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হলেও তদন্তকারীরা এখন বিদ্যুতের শর্ট সার্কিটকে সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করছেন। শুরুতে আগুন পাশের ‘লেমন গ্রিন’ রেস্তোরাঁ থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হয়েছিল। তবে পুলিশ পরে জানায়, আগুনের সূত্রপাত হোটেল ভবনের ভেতরেই।
তদন্তে আরও জানা গেছে, হোটেলটির অনুমোদন ছিল ছয়টি কক্ষের জন্য। কিন্তু সেখানে প্রায় ২৫টি কক্ষ পরিচালনা করা হচ্ছিল। ফলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা বিধি মানা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভারতে বিভিন্ন আবাসিক হোটেলে অগ্নি-নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। এ ঘটনায় হোটেলটির লাইসেন্স, অনুমোদন ও অগ্নিনিরাপত্তা সনদ যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.