আন্তর্জাতিক ডেস্ক
ওমান উপসাগরে ইরান অভিমুখে যাওয়া পালাউয়ের পতাকাযুক্ত একটি খালি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ‘মারিভেক্স’ নামের ওই জাহাজটির ক্রুরা মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। একটি মার্কিন যুদ্ধবিমান থেকে জাহাজটির ইঞ্জিনিয়ারিং ও স্টিয়ারিং রুম লক্ষ্য করে সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বিবৃতিতে সেন্টকম স্পষ্ট করে বলেছে, মারিভেক্স আর ইরানের দিকে যাচ্ছে না।
এই হামলাকে তেহরানের ওপর ওয়াশিংটনের নৌ অবরোধের আরেকটি বড় ধরনের উসকানি হিসেবে দেখা হচ্ছে। মার্কিন বাহিনী এখন যেসব জাহাজ তাদের নির্দেশ অমান্য করছে সেগুলোতে সরাসরি হামলা করছে।
সেন্টকম তাদের বিবৃতিতে আরও বলেছে, গত ১৩ এপ্রিল এই অবরোধ শুরু করার পর থেকে এ পর্যন্ত নির্দেশ অমান্য করা ৭টি জাহাজকে অচল করেছে সেন্টকম বাহিনী। এ ছাড়া নির্দেশনা মেনে চলায় ১৩৪টি জাহাজকে বিকল্প পথে পাঠানো হয়েছে এবং মানবিক সহায়তাসমগ্রী বহনকারী ৪২টি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.