অনলাইন ডেস্ক
ফুটবল বিশ্বকাপের প্রায় শতবর্ষের পুরোনো একটি রীতি ভেঙে যেতে পারে আগামী ফাইনালে। সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা, মেক্সিকোর সঙ্গে আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থাকায় পুরোনো নিয়ম ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফার শীর্ষ কর্মকর্তারা। পুরস্কার বিতরণী মঞ্চে সাধারণত রাষ্ট্রপ্রধান বা বিশেষ অতিথিদের দেখা যায় না। তবে ট্রাম্পের দেশে এবার সেই প্রথায় ব্যতিক্রম ঘটতে পারে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চাইলে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে পারেন। এমন সিদ্ধান্তে আপত্তি করবে না ফিফা। সংস্থাটির নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপ্রধান হিসেবে বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে ট্রাম্পের। সেই সুযোগ কাজে লাগাতে পারেন তিনি।
ফাইনালের দিন আয়োজক তিন দেশের রাষ্ট্রপ্রধান, প্রশাসনিক কর্মকর্তা এবং ফুটবল কর্তাদের আমন্ত্রণ জানিয়েছে ফিফা। ট্রাম্পের মঞ্চে উপস্থিতি এখনো নিশ্চিত নয়। তবে ফিফা সূত্রের দাবি, তিনি যদি মঞ্চে থাকতে আগ্রহী হন, তাহলে চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিতে তাকে বাধা দেওয়া হবে না।
এর আগে ক্লাব বিশ্বকাপ ফাইনালেও আলোচনায় ছিলেন ট্রাম্প। সেবার চ্যাম্পিয়ন দল চেলসির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেন তিনি। শুধু তাই নয়, দলের উদযাপনের সময়ও মঞ্চে অবস্থান করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই ঘটনা ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ক্লাব বিশ্বকাপের ঘটনা থেকেই ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণীতেও দেখা যেতে পারে ডোনাল্ড ট্রাম্পকে। যদি তা-ই হয়, তাহলে ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী রীতিতে যোগ হবে নতুন অধ্যায়। ট্রাম্পের হাত ধরেই ভাঙবে ফুটবল বিশ্বকাপের শতবর্ষের সেই পুরোনো রীতি।
উল্লেখ্য, আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না ট্রাম্প। তবে নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের কিছু ম্যাচে তাকে গ্যালারিতে দেখা যেতে পারে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.