অনলাইন ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজ জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা এখনও জানা যায়নি।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর ভারত সরকারের পক্ষে সমবেদনা জানাতে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছিলেন।
ভারত ইরানকে তার বিস্তৃত প্রতিবেশী অঞ্চলের অংশ হিসেবে দেখে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পশ্চিম এশিয়ায় ৪০ দিনের সংঘাত চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
নাজুক যুদ্ধবিরতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন।
সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে দিল্লিতে আয়োজিত ব্রিকস-সংশ্লিষ্ট বৈঠকগুলোতে অংশ নিতে ইরানের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার ভারত সফর করেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে এই শোকানুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ৬ জুলাই পর্যন্ত। এরপর আগামী ৭ জুলাই শ্রদ্ধাজ্ঞাপনের জন্য অনুষ্ঠানটি পবিত্র কোম নগরীতে স্থানান্তর করা হবে।
পরবর্তীতে খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আগামী ৯ জুলাই তাকে দাফন করা হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.