অনলাইন ডেস্ক
দীর্ঘ ১০ বছরের সংস্কারকাজ শেষ হলেও যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয় আর বাকিংহাম প্যালেসকে তাঁর প্রধান বাসভবন হিসেবে ব্যবহার করবেন না।
বৃহস্পতিবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন রাজপরিবারের কর্মকর্তারা। এর ফলে ব্রিটিশ সম্রাটের প্রধান বাসভবন হিসেবে প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা বাকিংহাম প্যালেসের ঐতিহ্যের ইতি ঘটতে যাচ্ছে। খবর রয়টার্সের।
কর্মকর্তারা জানান, রাজা চার্লস লন্ডনের নিজস্ব বাসভবন ক্লারেন্স হাউসে বসবাস অব্যাহত রাখবেন। তবে সংস্কার শেষে বাকিংহাম প্যালেস রাজকীয় আনুষ্ঠানিকতা, বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা এবং অন্যান্য সরকারি অনুষ্ঠানের প্রধান কেন্দ্র হিসেবেই থাকবে।
একই সঙ্গে প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে যে, ২০২৪-২৫ অর্থবছরে রাজা চার্লস ১২ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার) কর পরিশোধ করেছেন। এই তথ্য প্রকাশের মাধ্যমে রাজপরিবার তাদের আর্থিক বিষয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকে চার্লস তৃতীয় কিংবা প্রয়াত এলিজাবেথ দ্বিতীয় কেউই বাকিংহাম প্যালেসে রাত যাপন করেননি। তবে রাজা চার্লসের জন্য প্রাসাদে একটি ব্যক্তিগত কক্ষ সংরক্ষিত থাকবে। পাশাপাশি প্রতি বছর সেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের সুযোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.