অনলাইন ডেস্ক
পারস্য উপসাগরে সেনা পাঠালে বা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দিলে দক্ষিণ কোরিয়াকে বড় মূল্য চোকাতে হবে বলে হুমকি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোরিয়ান ভাষায় এক বার্তায় এই সতর্কবার্তা দেন।
বাঘাই বলেছেন, এই অঞ্চলে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তাকে যুক্তরাষ্ট্রের আক্রমণের সরাসরি সমর্থন হিসেবেই ধরা হবে। তিনি একই সঙ্গে দুই দেশের সম্পর্কের ইতিহাসের কথাও মনে করিয়ে দিয়েছেন। দীর্ঘ ৬৪ বছর ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের ভালো সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে, যা তেহরান সবসময় সম্মান করে এসেছে।
তবে বর্তমান পরিস্থিতিতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন তিনি। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের দেশের সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে। এমন কঠিন সময়ে দক্ষিণ কোরিয়া যদি পারস্য উপসাগর বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সেনা পাঠায়, তাহলে সিউলকে যুক্তরাষ্ট্রের অপরাধের সরাসরি সমর্থক হিসেবেই বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, বিশ্বের কোনো আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল দেশ যুক্তরাষ্ট্রের চাপে পড়ে অন্য কোনো দেশের ওপর অন্যায় হামলায় জড়াতে পারে না। তাই যুক্তরাষ্ট্র যাই বলুক, দক্ষিণ কোরিয়া যেন এই যুদ্ধে না জড়ায়, এমনটাই স্মরণ করিয়ে দিয়েছে ইরান।
সূত্র: মেহের নিউজ
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.