অনলাইন ডেস্ক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানের সম্মানে বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দুই দেশের সরকারি প্রতিনিধিদলের সদস্য, ব্যবসায়ী নেতা ও কর্মকর্তারা এতে অংশ নেন।
নৈশভোজের প্রস্তুতি পরিচালনা করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন উপাদানের সঙ্গে সূক্ষ্ম চীনা রন্ধনশৈলীর সংমিশ্রণে এই নৈশভোজের মেনু তৈরি করা হয়েছে।
ভোজসভার শুরুতেই এক টোস্টের মাধ্যমে সূচনা করা হয়, যেখানে পরিবেশন করা হয়েছিল আমেরিকান স্পার্কলিং ওয়াইন ‘শ্রামসবার্গ ব্ল্যাঙ্ক ডি নোয়ার’। ১৯৭২ সালে বেইজিংয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও চীনা প্রিমিয়ার চৌ এনলাইয়ের মধ্যকার ‘শান্তির জন্য টাস্ট’-এর সঙ্গে এই ওয়াইনের ঐতিহাসিক সংযোগ রয়েছে।
নৈশভোজে চার পদের খাবার
প্রথম পদ (স্যুপ): প্রথম পদে ছিল সিল্কি হলুদ স্কোয়াশ ভেলুটে, যার সঙ্গে ছিল ওয়াইল্ড মাশরুম ফ্রিচাসে, ক্রিস্পি প্যানচেট্টা এবং স্ক্যালিয়ন অয়েল। সুস্বাদু এই স্যুপের সঙ্গে মাশরুমের ঘ্রাণ ও প্যানচেট্টার ধোঁয়া ওঠা স্বাদ যুক্ত করা হয়েছে।
মূল পদ (সি বাস মাছ): প্রধান বা দ্বিতীয় পদে অতিথিদের পরিবেশন করা হয় তিল-কোটেড সি বাস বা সামুদ্রিক মাছ। এর সঙ্গে ছিল বেজড বেবি বক চয়, রোস্টেড গার্ডেন এগপ্ল্যান্ট এবং সস ভের্তে। তিলের ক্রাস্ট দেওয়া মাছটি নরম ও সুগন্ধযুক্ত।
ডেজার্ট বা মিষ্টিমুখ: মিষ্টির আয়োজনে ছিল ভ্যানিলা ক্রেমু, ওয়ালনাট ফ্রাংগিপানে, সাউরি চেরি কনফিট এবং হোয়াইট হাউসের নিজস্ব মধুর আইসক্রিম। হোয়াইট হাউসের উৎপাদিত মধু দিয়ে এই আইসক্রিম তৈরি করা হয়েছে।
সাংস্কৃতিক পরিবেশনা ও সাজসজ্জা
নৈশভোজে বেশ কিছু সঙ্গীত পরিবেশনাও করা হয়েছিল। এর মধ্যে প্রধান আকর্ষণ ক্লাসিক্যাল ধারার গায়ক ক্রিস্টোফার ম্যাককিও, যিনি ২০২৫ সালের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন। এ ছাড়া মার্কিন মেরিন ব্যান্ড, ড্রাম ও বুগল কোর এবং আর্মি কর্ড ও স্ট্রিংসের সামরিক সংগীতশিল্পীরা এতে অংশ নেন।
চীনা ঐতিহ্যের দীর্ঘদিনের সাংস্কৃতিক তাৎপর্যকে প্রাধান্য দিয়ে নৈশভোজের সাজসজ্জায় মূল রঙ হিসেবে বেছে নেওয়া হয় লাল। হোয়াইট হাউসের বিভিন্ন স্থানে লাল ফুলে ভরা পাত্র এবং টেবিলে লাল লিনেন, ডালিয়া ও রনুনকুলাস ফুল দিয়ে সাজানো হয়েছিল। টেবিল সেটিংয়ে হোয়াইট হাউসের নিজস্ব সংগ্রহ এবং রিগান স্টেট সার্ভিসের অমূল্য সামগ্রী ব্যবহার করাও হয়েছিল।
সূত্র: এনডিটিভি
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.