অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের একাধিক ইস্যুকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে কলকাতার বাংলাদেশ মিশন। এখন বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে, পশ্চিমবঙ্গেও রাজনৈতিক পালাবদল হয়েছে। কিন্তু মিশনের বাইরে বিক্ষোভ, জমায়েত কিংবা ঘেরাওয়ের ঘটনা যেন থামছেই না।
শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে কলকাতার বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান। তাদের সঙ্গে যোগ দেয় রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। দুই সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকা।
এদিন শিয়ালদহ রেল স্টেশন থেকে মিছিল শুরু করে দুই সংগঠন। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক ছিলেন। মিছিল বাংলাদেশ মিশনের দিকে এগোতেই আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ।
কলকাতায় হোটেল বন্ধে বাংলাদেশিদের হয়রানি
মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় কলকাতা পুলিশ। এরপরই ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের মিশনের সামনে যাওয়ার চেষ্টা রুখে দেয় পুলিশ। পরে বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভিতরে গিয়ে স্মারকলিপি জমার সুযোগ দেয়া হয়। সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানানো হয়।
স্মারকলিপি জমা দেয়ার পর বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরে তারা বাংলাদেশ মিশন চত্বর ছেড়ে চলে যান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.