অনলাইন ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের মুখে নিরাপত্তা বাহিনী মোতায়েন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমানের বিপুল সংখ্যক ফ্লাইট নভি মুম্বাই থেকে অরুণাচলে পাসিঘাট বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে।
অরুণাচল প্রদেশ পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সিয়াং এবং আপার সিয়াং অঞ্চলে ইতোমধ্যেই র্যাফের কয়েকটি দল কাজ করছে। এছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নাগাঁও ও নলবাড়ি থেকে সিআরপিএফ কোম্পানিগুলোকে সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের মোকাবেলায় নারী র্যাফ সদস্যসহ মোট ৩৪টি সিএপিএফ কোম্পানি সিয়াং এলাকায় নিয়োজিত রয়েছে।

গত ২৩ অক্টোবর পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত বাঁধবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয়। সেখানে এনএইচপিসির স্থানীয় কার্যালয় এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিধায়কদের বাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাসিঘাট, মেবো এবং রুকসিনে বিএনএসএস-এর ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ বজায় রেখেছে প্রশাসন।
সহিংস বিক্ষোভের ঘটনায় অরুণাচল প্রদেশ পুলিশ একাধিক মামলা দায়ের করেছে। এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ৮ জনকে আটক রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে সিয়াং উপত্যকার পর আপার সুবানসিরি জেলাতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১ হাজার ৬০০ মেগাওয়াটের আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিল এবং তাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতিকে আটকের চেষ্টার প্রতিবাদে ডাকা ১২ ঘণ্টার বন্ধের সময় জেলা সদর ডাপোরিজোতে উত্তেজনা তৈরি হয়। রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়া হলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তীব্র তর্কবিতর্ক হয়।
সূত্র: এনডিটিভি
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.