অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত শেষ করতে সময়সীমা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র আওতায় সমস্ত যোগ্য আবেদন নিষ্পত্তি করে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বর্তমানে প্রায় আড়াই লক্ষ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) নদিয়ার আরংঘাটায় একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কোনও যোগ্য আবেদনকারী যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।শুভেন্দুর বক্তব্য, দীর্ঘদিন ধরে বহু আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে নথি যাচাই ও শুনানির প্রক্রিয়া শেষ করে নাগরিকত্ব প্রদানের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় তার সরকার।
মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহকুমাশাসকদের তত্ত্বাবধানে আবেদনকারীদের নথি যাচাই এবং শুনানি হবে। প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে ১ নভেম্বর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনেও একই সময়সীমার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তার দাবি ছিল, রাজ্যে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন।
বাংলাদেশ থেকে যাওয়া মতুয়া-সহ বিভিন্ন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের কাছে নাগরিকত্বের প্রশ্নটি দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ দাবি। বিশেষত নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় এই ইস্যুর সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট। ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে আড়াই লক্ষ আবেদনের নিষ্পত্তির ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ।তবে আবেদন জমা পড়লেই নাগরিকত্ব নিশ্চিত নয়। সিএএ-র নির্ধারিত শর্ত পূরণ এবং নথি যাচাইয়ের পরেই যোগ্য আবেদনকারীরা নাগরিকত্বের শংসাপত্র পাবেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.