অনলাইন ডেস্ক
ফিলিপাইনে মঙ্গলবার অনুষ্ঠিত কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুবই কঠোর মানুষ’ বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির পাশে দাঁড়িয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘তিনি একজন খুবই কঠোর মানুষ।
’ এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আর তিনি হয়তো আরো বেশি কঠোর।’
এ সময় কোয়াডের অন্য দুই নেতা, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, এই তিন নেতা ও তাদের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্ক রয়েছে। সবাই বন্ধু এবং অসাধারণ মানুষ।
শীর্ষ সম্মেলনের আরেকটি বৈঠকেও মোদির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘মোদি আমার বন্ধু, একজন মহান নেতা এবং বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত।’ এর আগেও বিভিন্ন সময়ে মোদির প্রশংসা করেছেন ট্রাম্প। চলতি বছরের জুনে সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মোদিকে ‘মহান নেতা’ ও ‘খুবই কঠোর ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করেন।
এ ছাড়া তাকে বিশ্বের যেসব নেতাকে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন, তাদের একজন বলেও মন্তব্য করেন।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মোদির আগে ভারতে ঘন ঘন ক্ষমতার পরিবর্তন হতো। কিন্তু মোদি ১২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন এবং শক্ত অবস্থানে আছেন। এ বছর ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। পাশাপাশি ২০২৪ সালের পর এবারই প্রথম কোয়াড নেতাদের সরাসরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোটের সর্বশেষ সরাসরি সম্মেলন ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। এর আয়োজক ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কোয়াডকে ভারতের জন্য একটি গঠনমূলক ও নির্ভরযোগ্য অংশীদারি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড নেতাদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। মোদি বলেন, কোয়াডভুক্ত চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ পর্যন্ত পাঁচবার বৈঠক করেছেন। এটি এই অংশীদারির প্রতি দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও অভিন্ন অঙ্গীকারের প্রমাণ।
তিনি আরো বলেন, সামুদ্রিক নিরাপত্তা, নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা, নতুন প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সমাধান দেওয়ার চেষ্টা করে আসছে কোয়াড। এ সময় ম্যানিলা ও কোয়াডভুক্ত দেশগুলোর দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন মোদি।
তিনি বলেন, ২০০৭ সালে ম্যানিলায় প্রথমবারের মতো চার দেশের কর্মকর্তারা একসঙ্গে বৈঠক করেন। এরপর ২০১৭ সালে একই শহরে আবারও আলোচনা শুরু হয়। ঐতিহাসিক এই শহরে নতুন করে কোয়াড বৈঠক আয়োজনকে তিনি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.