অনলাইন ডেস্ক:
আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ থাকছে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার আনুষ্ঠানিকভাবে জানায়, ভারতের ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে টানা প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনা ও মতবিরোধ চলছিল। তবে শেষ পর্যন্ত বিসিবি সরকারের সিদ্ধান্তের বাইরে যেতে রাজি হয়নি। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে রেখে বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে।
সরকারি সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ক্রিকেটার, সংবাদকর্মী, দর্শকসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মন্ত্রিসভা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়—এই ঝুঁকি গ্রহণ করা সমীচীন নয়।
এ বিষয়ে বিসিবির পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, সরকারের কাছে একটি স্পষ্ট গোয়েন্দা মূল্যায়ন ছিল। সেই প্রতিবেদনে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করা হয়। তিনি বলেন, এমন পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় নেওয়া সম্ভব নয়। তাই এটি সম্পূর্ণভাবে সরকারের নীতিগত সিদ্ধান্ত।
আইসিসি জানায়, নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানানোয় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বকাপের গ্রুপ ও সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা, কূটনৈতিক টানাপোড়েন এবং ক্রীড়ানীতির বাস্তবতা—সব মিলিয়ে এই সিদ্ধান্তকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তথ্য সুএঃ জনকণ্ঠ
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.