অনলাইন ডেস্ক:
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট।
নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে তিনদিনের গুঞ্জন থাকলেও নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন নির্বাচনের পরদিন অর্থ্যাৎ শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। এবারের নির্বাচনী পরিবেশ অতীতের সব নির্বাচনের চেয়ে অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ বলে দাবি করেছেন তিনি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল, আমরা সেসব সবার সহযোগিতায় এরইমধ্যে কাটিয়ে উঠেছি। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।
একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ফলে ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা করা হচ্ছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘কোনোভাবেই তিন দিন নয়, বরং শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল দেওয়া যাবে।
আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের কারণে ফলাফল দ্রুত সংগ্রহ করা সম্ভব। যদিও দুর্গম এলাকার কারণে কিছু কেন্দ্রে সামান্য দেরি হতে পারে।’
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান তিনি। তিনি বলেন, অতীতের তুলনায় আইনশৃঙ্খলা অবস্থার অনেক উন্নতি হয়েছে।
সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।
প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে উল্লেখ করে ইসি আনোয়ারুল জানান, প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। এ ছাড়া যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ কাজ করবে বলেও জানান তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.