অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ভুল সংশোধনসহ বিভ্রান্তি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়।
সম্প্রতি টিআইবি ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা করে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, ‘পুরো নির্বাচনে ২১ দশমিক ৪ শতাংশ জাল ভোট পড়েছে’। টিআইবি স্পষ্ট করেছে যে, এই তথ্যটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।
টিআইবি জানায়, তাদের মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিকভাবে মোট ৭০টি আসন নির্বাচন করা হয়েছিল। ওই নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জাল ভোট প্রদানের বিচ্ছিন্ন ঘটনার তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির মতে, একটি নির্দিষ্ট সংখ্যক আসনের কিছু বিচ্ছিন্ন ঘটনাকে পুরো নির্বাচনের গড় ফলাফল বা ২১ দশমিক ৪ শতাংশ জাল ভোট হিসেবে প্রচার করা ভিত্তিহীন ও অমূলক।
এ প্রেক্ষিতে যেসব গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইতোমধ্যে এই তথ্যকে ভুলভাবে উপস্থাপন করেছে, তাদের অতিদ্রুত যথাযথ সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছে টিআইবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপরও যদি এই ধরনের ভুল প্রচার অব্যাহত থাকে, তবে সেটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে বিবেচনা করা হবে।
সংস্থাটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এড়াতে সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্যের সত্যতা যাচাই করে প্রচার করার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.