অনলাইন ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।
শনিবার (২১ মার্চ) দেশে ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার থেকে কর্মজীবীরা অফিসে যোগ দেবেন। একই সঙ্গে চালু হবে ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও।
তবে ছুটি শেষ হলেও পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরতে কিছুটা সময় লাগতে পারে। কারণ অফিস খোলার একদিন পরই রয়েছে স্বাধীনতা দিবস (২৬ মার্চ)। এ সুযোগে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন।
এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেকেই ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ অবকাশ কাটিয়ে পরে কর্মস্থলে ফিরবেন।
ফলে চলতি সপ্তাহজুড়ে অফিস-আদালতে পূর্ণ কর্মচাঞ্চল্য দেখা নাও যেতে পারে। আগামী সপ্তাহে রাজধানীসহ দেশের কর্মপরিবেশ স্বাভাবিক রূপে ফেরার সম্ভাবনা রয়েছে।
এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হচ্ছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.