অনলাইন ডেস্ক
সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
জাতীয় সংসদে দেওয়া নিজের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ। সেইসঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জাতীয় নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি শ্রদ্ধা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এসময় তিনি তার নির্বাচনী এলাকার নদী ভাঙন রোধ এবং যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণেরও জোর দাবি জানান।
বক্তব্যের শুরুতে আবদুল ওয়ারেছ বলেন, আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ও আরেকজন নেতা স্বাধীন বাংলাদেশের অগ্রদূত, যিনি ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ‘ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তান স্বাধীন করো’, সেই জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এছাড়া তিনি জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সব বীর যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
নিজ নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, সাঘাটা-ফুলছড়ির চারটি ইউনিয়ন যমুনা নদীর পেটে চলে গেছে। নদী শাসনের কাজ চললেও অনেক এলাকায় এখনো জিও ব্যাগ ফেলা বা স্থায়ী বাঁধের উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে স্কুল ও ঘরবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবিধানের ব্যাখ্যা এবং স্বাধীনতার ঘোষক সংক্রান্ত বিষয়ে আপত্তি তুলে ধরে গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে মহা অসত্য রয়েছে, তিনি ন্যায্যভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু সেই সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন পর্যন্ত কেন সংসদে লিপিবদ্ধ করা হলো না? কাজেই দাবি করছি, এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংসদে লিপিবদ্ধ করা হোক।
উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে ফুলছড়ি থেকে বাহাদরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানিয়ে আবদুল ওয়ারেছ বলেন, এই সেতু নির্মিত হলে প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গের সমতা ও শিল্পায়নের লক্ষ্য ত্বরান্বিত হবে। কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং বোনারপাড়া রেলওয়ে জংশন ও হাসপাতাল পূর্ণোদ্যমে চালু হবে।
সাঘাটা ও ফুলছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জনবল সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, ১০০ জনের বেশি পদের মধ্যে অর্ধেকের বেশি খালি পড়ে আছে। এমনকি ক্লিনার ও নৈশপ্রহরীও নেই। অবিলম্বে এসব পদে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানান তিনি।
তথ্য সুএঃ ঢাকা পোস্ট
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.