অনলাইন ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।
প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন। বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা ও বিশ্বাসযোগ্যতারই এটি প্রতিফলন।’
তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন। দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনাও করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২ রা জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট। ভোটগ্রহণের সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।
নির্বাচনের মাধ্যমে আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো প্রতিনিধি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে নির্বাচিত হলেন।
,উল্লেখ" ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ওই পদে নির্বাচিত হয়েছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.