অনলাইন ডেস্ক
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী।
মন্ত্রণালয় সূত্র বলছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিদ্যমান সহযোগিতা আরো জোরদারের বিষয়ে মতবিনিময় করেন তারা। সৌজন্য সাক্ষাতে দুই দেশ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে।
এর আগে গত ১২ জুন বাংলাদেশে আসেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরবর্তীতে ২৫ জুন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের এক মাস পর পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন ত্রিবেদী।
নতুন হাইকমিশনার ঢাকায় আসার ২৩ দিনের মাথায় বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়া শুরু করে ভারত, যা প্রায় দুই বছর বন্ধ ছিল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.