প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

এ.কে কাওসার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
পূর্ব ঘোষণা ছাড়াই ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় মাঠপর্যায়ের নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলা দেখে মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। একই সাথে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন।
রোগী ও স্বজনদের সাথে কথা বললেন মন্ত্রীকোনো প্রোটোকল বা পূর্ব নোটিশ ছাড়াই স্বাস্থ্যমন্ত্রী সরাসরি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে প্রবেশ করেন। তিনি বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং রোগীদের ওয়ার্ডগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সরাসরি চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের মুখোমুখি হন। মন্ত্রী রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ বিতরণ ব্যবস্থা, রোগীদের খাবারের মান এবং চিকিৎসক সংকটসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। এ সময় রোগীরা মন্ত্রীর কাছে হাসপাতালের নানা অব্যবস্থাপনা ও ভোগান্তির চিত্র তুলে ধরেন।
অনিয়ম ও দায়িত্বে অবহেলায় ক্ষোভহাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার অবস্থা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল চত্বর ও ওয়ার্ডগুলোর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তিনি দায়িত্বরতদের জবাবদিহি করেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের শতভাগ উপস্থিতি ও দায়িত্ব পালনে শৈথিল্য লক্ষ্য করা যায়। সবচেয়ে বড় অনিয়মটি ধরা পড়ে হাসপাতালের ডিসপেনসারিতে (ওষুধাগার)। সেখানে দায়িত্বরত ফার্মাসিস্ট রিগান আহমেদ কোনো প্রকার ছুটি বা পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা ও কড়া বার্তাবিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অপরাধে ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনতিবিলম্বে হাসপাতাল থেকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল পরিদর্শনের পর দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, "জনগণের চিকিৎসাসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।" তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও সতর্কতার সাথে নিজেদের দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন।মন্ত্রী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.