অনলাইন ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, হাজার সমস্যা থাকলেও ভারতের সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত।
জ্বালানি খাত নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা যায়, এনার্জি সেক্টর দেখলে তা বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়। অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে।
তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, সেখানে বাংলাদেশ যাবে।
আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বোয়িং কিনতে হবে, এমন কোনো চাপ নেই। চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বিমান কেনা হবে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে দেশটিতে শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.