অনলাইন ডেস্ক
কক্সবাজার আমার বাড়ি হওয়া তো অপরাধ নয়, আর মাদকের সৃজন তো আমি করিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধীদলীয় নেতা তার বক্তব্যের ওপর কথা বলেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে কক্সবাজারে মাদক পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে দু-একটা অম্লমধুর কথা বললেও তিনি জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলেছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।’
সংসদে বিতর্কের বিষয়ে তিনি বলেন, ‘এখানে তর্ক-বিতর্ক হওয়া স্বাভাবিক। তবে ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার পর একই বিষয়ে প্রশ্ন বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংসদের কার্যপ্রণালি ও প্রচলিত রীতি অনুসরণ করা প্রয়োজন।’
কক্সবাজারে মাদক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার। আর এই মাদকের সৃজন তো আর আমি করিনি। এটা আমাদের বহন করে যেতে হচ্ছে রোহিঙ্গা রিফিউজি আসার পর থেকে।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের আগমনের পর থেকে মাদকসংক্রান্ত সংকট তৈরি হয়েছে। সরকার সেই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।’ এ প্রসঙ্গে সীমান্তে মাদক ও মানব পাচারবিরোধী অভিযানের কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, কয়েক দিন আগে মাদক ও মানব পাচারকারীদের প্রতিরোধ করতে গিয়ে সেনাবাহিনীর একজন সদস্য শহীদ হয়েছেন। ওই অভিযানে জিম্মি অবস্থা থেকে নারী ও শিশুসহ ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকার এ সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী যৌথভাবে সীমান্ত এলাকায় কাজ করছে। এ বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.