অনলাইন ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে সম্ভাব্য দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ২০ নভেম্বর শুক্রবার থেকে দেশের সব জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার উপসচিব কে. এম. ইয়াসির আরাফাত স্বাক্ষরিত ‘জরুরি ও গোপনীয়’ এক বিশেষ প্রতিবেদনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, কোস্ট গার্ড ও এসবি প্রধানকে এসব নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা
এ নির্দেশনা সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা টাইমসকে বলেন, নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোন ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ও দিল্লিতে এক অনুষ্ঠানে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ায় তার ফেরার চেষ্টা বাস্তবায়িত হোক বা না হোক, এই ঘোষণাকে ঘিরে ডিসেম্বরে পাল্টাপাল্টি সমাবেশ ও সহিংসতার ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্গঠিত হওয়ার চেষ্টা চালাবে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিবেদনে প্রতিটি জেলা ও মেট্রোপলিটন এলাকার জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নজরদারির সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে ২০ নভেম্বর থেকে দেশের সকল জেলায় বিজিবি মোতায়েনের কথা বলা হয়। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব সক্রিয় কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা রয়েছে, তাদের বিরুদ্ধে আগেই আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের মব বা সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া নভেম্বর মাস থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বা দলটির সমর্থিত বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিওর যেকোনো সন্দেহজনক অনুষ্ঠান আয়োজনকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মী এবং কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পিসিপিআর বা পরিচয় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে মিরপুর, পল্লবী, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাশিমপুর, ভোগড়া বাইপাস, আশুলিয়া ও সাভারসহ ঝুঁকিপূর্ণ এলাকায় শিল্প পুলিশ ও থানা পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি ও তৎপরতা রোধে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জুলাই অভ্যুত্থানের পক্ষের দল ও জোটগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করতে পুনরায় গোলটেবিল আলোচনা আয়োজনের সুপারিশও করা হয়েছে। সুএঃ টাইমস বাংলাদেশ
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.