অনলাইন ডেস্ক
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ। এ বিষয়ে সরকার যে চিঠি দিয়েছে, তার রাজনৈতিক ও কূটনৈতিক জবাব পাবে বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও অন্যান্য অপরাধীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ বিদ্যমান গঙ্গা পানিবণ্টন চুক্তি অব্যাহত রাখতে এবং তা নবায়ন করতে আগ্রহী। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট এই চুক্তির গুরুত্ব ভারত ভালোভাবেই জানে বলে মনে করে বাংলাদেশ। এ কারণে চুক্তি নবায়নের বিষয়ে পাঠানো চিঠির জবাব ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দেবে বলে আশা করছে সরকার।
তিনি বলেন, বিদ্যমান চুক্তিটি চালিয়ে যাওয়ার পক্ষেই বাংলাদেশের অবস্থান। নবায়নের বিষয়টি ভারতীয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে নিতে চায় সরকার। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক না হওয়ায় চুক্তি নবায়ন হবে, নাকি নতুন কোনো চুক্তি করা হবে, তা নিয়ে আলোচনা প্রয়োজন। তবে বাংলাদেশের প্রাথমিক প্রত্যাশা, আগের চুক্তিটিই নবায়ন করা হোক। নতুন চুক্তির বিষয়ে আলোচনার সুযোগ এখনো তৈরি হয়নি বলেও জানান তিনি।
চলতি বছরের মধ্যেই গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে দু’দেশের বৈঠক হবে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, যথাসময়ে দুই দেশের প্রধানরা বসবেন এবং যথাসময়ে সমস্যাগুলোর সমাধান হবে। তার মতে, আলোচনার টেবিলে বসেই চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।
এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য দণ্ডিত ও অপরাধীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পাঠানো একাধিক চিঠির অগ্রগতি জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ বা আসামি হস্তান্তরের বিষয়টি একটি নির্দিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। সংশ্লিষ্ট চুক্তি অনুসরণ করে আমলাতান্ত্রিক ও আইনি কার্যক্রম শেষ করতে সময় লাগে। বাংলাদেশ বিষয়টি স্বীকার করলেও ভারতের সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রক্রিয়াটি আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করে।
শামা ওবায়েদ বিশেষভাবে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে চায় বাংলাদেশ। পাশাপাশি ভারতে পালিয়ে থাকা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত আসামিদেরও দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। এ ক্ষেত্রে ভারত সরকার প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, তিনি জার্মানি সফরে এ ধরনের উদ্বেগ দেখেননি। তার দাবি, দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই। শ্রমিক আন্দোলনের বিষয়টি সরকার দ্রুত সমাধান করেছে এবং শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ সরকারের অনুসারীরা রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। তবে এটিকে দেশের সামগ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতা হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে চলে গেলেও এ শিল্পের দীর্ঘদিনের ভিত্তি রয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় খাতটি আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং মুক্তিযুদ্ধকে কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের গর্ব এবং এটি কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, বরং সবার।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সব দেশের সম্পর্ক থাকবে। তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। কোনো দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে বাংলাদেশের আত্মমর্যাদা বিসর্জন দেয়া হবে না।
পাকিস্তানের কাছে ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি এখনো রয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ আশা করে, ১৯৭১ সালে সংঘটিত ঘটনার জন্য পাকিস্তান অনুশোচনা প্রকাশ করবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিলের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি বাতিল হয়েছে বলে দেশটির পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে জানিয়েছে। সফরটি শুধু বাংলাদেশ নয়, পরবর্তী সময়ে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিল।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে একটি রূপান্তরকাল অতিক্রম করছে। এ সময়ে কিছু বিচ্ছিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটলেও তা দিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে বলে মনে করেন না তিনি। আইন নিজের গতিতে চলবে এবং বিগত সময়ে সংঘটিত হত্যা, গুম, দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.