অনলাইন ডেস্ক:
জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’—এ ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে তিনি সরকারের সময় বিএনপির ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সে সময় দেশ পরিচালনায় অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে—এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও জনগণের সমর্থন প্রয়োজন। তিনি বলেন, ব্যক্তি ও পরিবারের জন্য নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে ধানের শীষে ভোট চান তিনি।
বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার অঙ্গীকারও করেন দলটির চেয়ারম্যান। তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন পেলে আগামী সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে।
ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনের পরদিন থেকেই নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের দায়িত্ব নেবেন এবং তারা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন বলেও জানান।
ভাষণের শেষাংশে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। তিনি ওই দিনকে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন হিসেবে উল্লেখ করে ধানের শীষের বিজয় কামনা করেন।
তথ্য সুএঃ ইত্তেফাক
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.