অনলাইন ডেস্ক:
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর সোমবার (২৩ ফেব্রুয়ারী) প্রথমবারের মতো রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, তা প্রত্যাশিত নয়। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ তাই এটা করতে পারেন না। আইনগতভাবেই বিষয়গুলো দেখা হবে।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান কাজ করে যাচ্ছেন, তাঁর নেতৃত্বেই বিএনপি মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়মের মধ্য থেকেই সঠিক সময়ে হবে বলেও জানান তিনি। একই সঙ্গে জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সংসদের সিদ্ধান্তেই হবে।
বিএনপি মহাসচিব বলেন, এই কেন্দ্রীয় অফিস থেকেই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন খালেদা জিয়া। এখন তাঁর ছেলে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.