অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। সোমবার (১১ মে) ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
মঙ্গলবার (১২ মে) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় জি এম কাদের শুভেন্দু অধিকারীর এই নির্বাচনী জয়কে একটি 'গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন শুভেন্দু অধিকারীর এই সাফল্য পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অধ্যবসায় ও জনসেবার মাধ্যমেই তিনি জনগণের এই আস্থা অর্জন করেছেন। পারিবারিক ঐতিহ্য ও নন্দীগ্রাম আন্দোলনের মতো কঠিন সময়ে তার নেতৃত্বের দৃঢ়তা তৃণমূল মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে।
জাপা চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বাবা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শিশির কুমার অধিকারীর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, কাঁথি পৌরসভা থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত তাদের পারিবারিক সেবার ঐতিহ্য শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভিত্তি গঠনে বড় ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থলসীমান্ত এবং ভাষাগত ও সাংস্কৃতিক ঐক্যের কথা উল্লেখ করে জি এম কাদের আশা প্রকাশ করেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। সাংস্কৃতিক বিনিময় ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্তের উভয় পাশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান তার বার্তার শেষে শুভেন্দু অধিকারীর নতুন মেয়াদে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে দুই বাংলার সদ্ভাব ও সৌহার্দ্য আরও বাড়বে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.