অনলাইন ডেস্ক:
টি-টোয়েন্টি র্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার হিসেবে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন অভিষেক শর্মা। তবে বৈশ্বিক এই আসর শুরু করেন ডাকের হ্যাটট্রিক দিয়ে। টানা ব্যর্থতার পর এই ওপেনারের ওপর ভরসা রাখেন কোচ গৌত্তম গম্ভীর। যা প্রতিদান ফাইনালে দেন অভিষেক।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে কঠিন সময়ের কথা বলেছেন অভিষেক। তিনি বলেন, 'গম্ভীর ভাই খুব সৎ মানুষ। যা বলার সরাসরি বলেন। লুকিয়ে রাখেন না। কঠিন সময়ে তিনি বারবার বলছিলেন, কঠিন কিছু না ভাবতে। দলে আমার যা কাজ, আমি যেভাবে খেলি, সেটাই চালিয়ে যেতে। সাহস দেখাতে।'
তিনি আরও বলেন, 'গৌতম ভাই বলেছিলেন, একটা ভালো ইনিংস ছন্দ ফিরিয়ে দেবে। একটা ভালো ইনিংস দলকে জেতাবে। আমি খুব খুশি যে শেষ পর্যন্ত ফাইনালে সেটা এসেছে।'

বিশ্বকাপে আট ম্যাচে ১৪১ রান করেছেন অভিষেক। যার মধ্যে ফাইনালেই ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। অভিষেকের এই ঝড়ো ইনিংস বড় পুঁজির ভীত এনে দেয় ভারতকে। কোচ ও দলের ভরসার কারণেই তিনি সেটা করতে পেরেছেন বলে জানিয়েছেন ভারতীয় এই ব্যাটার।

অভিষেক বলেন, 'বারবার শুরুতেই আউট হয়ে গেলে খারাপ লাগে। কারণ, সবাই দলের জন্য খেলতে চায়। সেটা না হলে ভালো লাগে না। আমি ভাগ্যবান ছিলাম যে, এতটা সাহায্য পেয়েছি। কোচ, অধিনায়ক, সতীর্থরা পাশে থেকেছে। আমিও আগের ম্যাচের চিন্তা ভুলে পরের ম্যাচে খেলতে নেমেছি।'
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.