স্পোর্টস ডেস্ক
চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণ পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী ফুটবল উৎসব। উদ্বোধনের পর মাঠে গড়াবে প্রথম ম্যাচও। বাংলাদেশ সময় কখন শুরু হবে অনুষ্ঠান ও ম্যাচ, কোথায় দেখা যাবে—জেনে নিন এক নজরে।
উদ্বোধনী অনুষ্ঠান কোথায়, কখন?
এবার বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। তিন দেশেই আলাদা দিন উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে প্রথমই যেহেতু মেক্সিকোতে খেলা শুরু হচ্ছে তাদের উদ্বোধনী অনুষ্ঠানটিই আগে হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের ভেন্যু: মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু: বাংলাদেশ সময় রাত ১১টায়।
উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। শুরু বাংলাদেশ সময় রাত ১টা।
২০১০ বিশ্বকাপের মতো এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
আর কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল রাতে। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তার আগে ভোর সাড়ে ৫টায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১১ জুন), মেক্সিকো
মেক্সিকোর ঐতিহ্যবাহী 'পাপেল পিকাডো' শিল্প ও আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন। সেখানে তুলে ধরা হবে দেশটির আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্ম।
তারকারা: মঞ্চে পারফর্ম করবেন পপতারকা শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনস।
শুক্রবার (১২ জুন), কানাডা
বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তার আগে টরন্টো স্টেডিয়ামে ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
তারকার: মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
শনিবার (১৩ জুন), যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সময় সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী আয়োজন।
তারকারা: মঞ্চে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।
কোথায় দেখবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ?
বাংলাদেশে এবার বিশ্বকাপের জমকালে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এছাড়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে পাবেন সময় টিভিতে। বাংলাদেশে বিটিভি এবং টি-স্পোর্টসও বিশ্বকাপ দেখাবে।
বাংলাদেশ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা দেখা যাবে টফি, মাই রবি এবং বায়োস্কোপে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.