অনলাইন ডেস্ক
বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছিল মেক্সিকো। এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই দারুণ গতিতে আক্রমণে ওঠে যুক্তরাষ্ট্র। দ্রুত আক্রমণের ফলও তারা পায়। ম্যাচের ১১ মিনিটে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস নিজেদের জালে পাঠিয়ে আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস।
লিড নিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় যুক্তরাষ্ট্র। এরপর ম্যাচের ৪৩ মিনিটে আবারও গোলের দেখা পায় স্বাগতিকরা। সের্হেনিও দেস্তের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে গেলে হেড করে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
বিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময় নিজেদের কাছেই রাখে যুক্তরাষ্ট্র। তবে রক্ষণভাগের কিছু ভুলে কয়েকবার সুযোগ পায় অস্ট্রেলিয়া। ম্যাচের ৫১ মিনিটে প্রতিপক্ষের ভুলে একক সুযোগ পেয়েও গোল করতে পারেননি বালোগুন। পরে ওয়েস্টন ম্যাককেনির চমৎকার পাস থেকেও আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি।
ম্যাচের শেষদিকে উত্তেজনাও ছড়িয়ে পড়ে মাঠে। ৮৮ মিনিটে বালোগুন ও সাউতারের মধ্যে সংঘর্ষ বাধলে দুজনসহ ইতালিয়ানো হলুদ কার্ড দেখেন। যোগ করা সময়ে ইরানকুন্ডাকে থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন ক্রিস রিচার্ডস। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.