স্পোর্টস ডেস্ক
জর্ডানের বিপক্ষে রবিবার সকালের ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে বৃহস্পতিবার দলের শেষের আগের অনুশীলনে পুরোপুরি বিকল্প একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। যদিও এই একাদশ এখনও চূড়ান্ত নয়, তবে নকআউট পর্বে ওঠা নিশ্চিত হওয়ায় দল নির্বাচনের ব্যাপারে কোচের পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর আলজেরিয়ার বিপক্ষে জর্ডানের পরাজয়ে গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিয়মিত একাদশে পরিবর্তন আনার সুযোগ পাচ্ছেন স্কালোনি। এতে একদিকে যেমন এখনো মাঠে নামার সুযোগ না পাওয়া ফুটবলাররা খেলার সুযোগ পাবেন, অন্যদিকে নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়াও সম্ভব হবে।
অনুশীলনে স্কালোনি যে দলটি নিয়ে কাজ করেছেন, সেটি ছিল পুরোপুরি বিকল্প একাদশ। যদিও গোলপোস্টে এদিন অনুশীলনে ছিলেন হুয়ান মুসো, তবে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। টানা দুই ম্যাচে গোল হজম না করা এই গোলরক্ষকের ওপরই আস্থা রাখছেন কোচ।

রক্ষণভাগে ছিলেন গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তালিয়াফিকো। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়েছেন মন্তিয়েল। ফলে জর্ডানের বিপক্ষে তাকে প্রথম একাদশে ফেরানোর পরিকল্পনা রয়েছে।
মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসকে দেখা গেছে হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায়। যদিও অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় পরের রাউন্ডে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছেন তিনি। তার সঙ্গে ছিলেন এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো ও জুলিয়ানো সিমিওনে। তবে লো সেলসোর জায়গায় ভ্যালেন্তিন বারকোও থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। বিশ্বকাপে এখনও মাঠে নামার সুযোগ পাননি বারকো।
মিডফিল্ড ও আক্রমণের সংযোগসূত্র হিসেবে ছিলেন নিকো পজ। মেসি শুরুর একাদশে না থাকলে পজের একাদশে থাকা নিশ্চিত। একমাত্র স্ট্রাইকারের ভূমিকায় অনুশীলনে খেলেছেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের যেকোনো পর্যায়ে সুযোগ পেতে পারেন হোসে লোপেজও।

ফলে শুরুতে বেঞ্চেই থাকতে পারেন অধিনায়ক লিওনেল মেসি। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও নকআউট পর্বে তাকে ফিট হিসেবে পেতে এই সুযোগ নেবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামানো হতে পারে। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারও এখন মেসি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো (অথবা ভ্যালেন্তিন বারকো), জুলিয়ানো সিমিওনে, নিকো পজ; হুলিয়ান আলভারেজ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.