অনলাইন ডেস্ক
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের জার্সিতে অসাধারণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। ফাইনালে হাফ সেঞ্চুরিও করেছিলেন। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হন তিনি। সেই হৃদয়বিদারক আউট নিয়ে এবার নীরবতা ভাঙলেন ভারতের ব্যাটিং তারকা।
৮১ রানে ৩ উইকেট হারানোর পর লোকেশ রাহুলকে নিয়ে হাল ধরেন কোহলি। টপ অর্ডার ভেঙে যাওয়ার পর এই জুটি ৬৭ রান তোলে। কোহলি ৬৩ বলে ৫৪ রান করে ফিরে যান। তারপর রাহুল সর্বোচ্চ ৬৬ রান করলেও বল নষ্ট করেছিলেন অনেক। মূলত কোহলিকে আউট করে ভারতকে নাড়িয়ে দেন কামিন্স।
২০২৫ সালে আইপিএল শিরোপা জেতার আগে পর্যন্ত ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ফাইনালে হারের স্মৃতি যেভাবে মনে গেঁথে ছিল, ঠিক একইভাবে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের কথাও মনে রেখেছেন তিনি। কোহলি আরও জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হওয়ার ঠিক আগেই আরও বড় অবদান রাখার চিন্তা করছিলেন।
জিও স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘২০২৫ সালে আমরা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) আইপিএল জেতার আগে আমার ২০১৬ সালের ফাইনালের (যেটিতে আমরা সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিলাম) কথা মনে পড়ত। বিশ্বকাপ ফাইনাল নিয়েও আমার একই অনুভূতি হয়।’
কোহলির বিশ্বাস ছিল, আরেকটু বড় ইনিংস ফাইনালে ভারতকে শক্ত অবস্থানে রাখতে পারত। তিনি বলেন, ‘আমি ৫৪ রানে খেলছিলাম এবং বড় একটি সেঞ্চুরি করার কথা ভাবছিলাম: যেন ১৪০-১৫০ রান করতে পারি। তাহলে আমরা ম্যাচ জেতার জন্য ভালো অবস্থানে থাকতাম। তখন ফাইনালে ৩০০-র বেশি সংগ্রহ পেতাম, আর আমাদের যে বোলিং, তাদের পরাস্ত করতে পারতাম। কিন্তু যখনই আমি প্যাট কামিন্সকে খেললাম, সেটি অনেক দিন ধরে মনে ছিল। আর এই ধরনের কিছু আপনি মসেন করতেই থাকবেন।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.