অনলাইন ডেস্ক
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক একের পর রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৪ ঠা নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৫১ বলে ৭৪ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি।
এদিন অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে আগ্রাসী ব্যাটিং করেন কোহলি। দলকে জয়ের দুয়ারে রেখে ফেরার আগে তিনি খেলেন ১৩ চার ও ১ ছক্কায় মাত্র ৫১ বলে ৭৪ রানের ইনিংস। যার সৌজন্যে ওয়ানডেতে এখন দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান তার।
এই সংস্করণে এতদিন রান তাড়ায় সবার ওপরে ছিলেন কোহলির স্বদেশি শচীন টেন্ডুলকার। অবসরের আগে ওয়ানডেতে ২৩২ বার দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১৭ সেঞ্চুরি ও ৫২ ফিফটিতে ভারতের কিংবদন্তি করেন ৮ হাজার ৭২০ রান।
টেন্ডুলকারের চেয়ে অনেক কম ইনিংসেই তাকে টপকে গেলেন কোহলি। ১৬ বছরের ক্যারিয়ারে রান তাড়ায় ১৬৯ ইনিংস ব্যাট করে ৩০ সেঞ্চুরি ও ৪৬ ফিফটিতে কোহলির সংগ্রহ ৮ হাজার ৭৪১ রান। তার সামনে এখন প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ইনিংসে ৯ হাজার রানের হাতছানি।
কোহলি ও টেন্ডুলকার ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারের রান তাড়ায় ৭ হাজার রানও নেই। তালিকার তিন নম্বরেও আরেক ভারতীয়, রোহিত শার্মা। দেশটির সাবেক এই অধিনায়ক এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৬৩ বার ব্যাট করে ১৯ সেঞ্চুরি ও ৪০ ফিফটিতে করেছেন ৬ হাজার ৮০১ রান।
প্রথম ওয়ানডেতে ঝকঝকে ইনিংসে আরেকটি কীর্তিতেও চূড়ায় উঠেছেন কোহলি। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন তার। আপাতত সেখানে তার সঙ্গী অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট রিকি পন্টিং।
দীর্ঘ ক্যারিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ইনিংসে ৬ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে ১ হাজার ৯৭১ রান করেছেন পন্টিং। কিউইদের বিপক্ষে মাত্র ৩৭ ইনিংসে ৭ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে তার সমান করে ফেলেছেন কোহলি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.