অনলাইন ডেস্ক
ক্রিকেটে কিছু ইনিংস থাকে, যেগুলো দেখার পর প্রথমে স্কোরকার্ডের দিকে তাকাতে হয়। তারপর চোখ কচলে আবার তাকাতে হয়। মনে হয়, কোথাও নিশ্চয়ই একটা ভুল হয়েছে।
কিন্তু না, কোনো ভুল নেই। ব্যাটসম্যানের নামটা বৈভব সূর্যবংশী, মানে সব ঠিকঠাক।
বয়স মাত্র ১৪। অথচ ব্যাট হাতে এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে আগে কেউ পারেননি। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড় শ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ক্রিকেটের রেকর্ড বই যেন একদিনের জন্য তাঁর ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেল।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছেন সূর্যবংশী। ২০৪ রানের ইনিংসটি সাজাতে মেরেছেন ২৮টি ছক্কা। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আগে কেউ মারেননি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সূর্যবংশী সেটিকে পেছনে ফেলেছেন এক বল কম খেলে।
দ্রুততম দেড় শ রানের রেকর্ডটিও আগে ছিল সূর্যবংশীর। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড় শ ছুঁয়েছিলেন। আজ নিজের সেই রেকর্ড নিজেই ভেঙেছেন। খেলেছেন মাত্র ৪০ বল।
এরপর এল ডাবল সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভাঙতে সূর্যবংশী সময় নিয়েছেন ৫২ বল। একবার ভাবুন, যে সময়ের মধ্যে একজন ব্যাটসম্যান ইনিংসের ভিত গড়েন, সেই সময়েই তিনি পৌঁছে গেলেন ২০০ রানে!
আজকের ইনিংসে প্রথম ফিফটি করতেও তাঁর লেগেছে মাত্র ১৬ বল। এমনিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডও তাঁর দখলে। চলতি বছরই ১১ বলে ফিফটি করেছিলেন।
এক ইনিংসে ২৮টি ছক্কা মেরেছেন সূর্যবংশীবিসিসিআই
ছক্কার হিসাবটাও অবিশ্বাস্য। ২০৪ রানের পথে মেরেছেন ২৮টি ছক্কা। এর আগে স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৬ ছক্কার রেকর্ড ছিল তন্ময় আগারওয়ালের। রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচে সেই ইনিংসে ৩৬৬ রান করেছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ২৩টি। ডার্সি শট ও কলিন মানরোর।
আর স্ট্রাইকরেট? ৩৮৪.৯০! লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিও সর্বোচ্চ।
এতক্ষণে নিশ্চয়ই মনে হচ্ছে, রেকর্ডের আর বাকি কী আছে!
আছে। সূর্যবংশীর ব্যাটিংয়ের সৌজন্যে ভারত ২৫০ রানের লক্ষ্য তাড়া করেছে মাত্র ১৪.২ ওভারে। ২০০ রানের বেশি রান তাড়ায় এটিও বিশ্ব রেকর্ড।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.