অনলাইন ডেস্ক:
সিলেটে চারটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অনেকে আহত হয়েছেন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরের কুমারগাঁও তেমুখি এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিশুদের মারামারির জেরে সিলেট সদর উপজেলার কুমারগাঁও এবং সাহেবের গাঁও গ্রামের লোকজন সংঘর্ষে জড়ান।
এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাঙচুর করতে থাকেন। এ দুই গ্রামের সঙ্গে মারামারিতে যুক্ত হয় পার্শ্ববর্তী নাজিরের গাঁও ও হায়দরপুরের লোকজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব ইটের আঘাতে আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুই শিশুর চেয়ারে বসা নিয়ে মারামারিকে কেন্দ্র করে প্রথমে কুমারগাঁও এবং সাহেবের গাঁও গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। বিক্ষিপ্ত সংঘর্ষ ও ইটপাটকেলের আঘাতে অনেকে আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, শিশুদের ঝগড়ার জেরে চার গ্রামবাসী সংঘর্ষে জড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটের আঘাতে নিজে আহত হয়েছি। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তথ্য সুএঃ বাংলানিউজটোয়েন্টিফোর
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.